আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হয়েছে।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হচ্ছে। তবে এ ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠার জন্য আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করতে হবে। আমরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনই ছিল আমাদের আন্দোলন। সংবিধান সংশোধনের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চালানো হচ্ছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা এবং পরিস্থিতির সুযোগ নেওয়া।
তিনি বলেন, দেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।