মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইসলামগঞ্জ বাজার ডাকঘরের অন্তর্গত গৌড়করন গ্রামে অবস্থিত “ *উস্তার আলী একাডেমি* ”তে হামলার ঘটনা ঘটেছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোবারক আলী অভিযোগ করেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল কুচক্রি মহল এ হামলা চালিয়েছে।
চেয়ারম্যান মোবারক আলী জানান, এর আগে তার মালিকানাধীন প্রতিষ্ঠান *নিহাল এগ্রো এন্ড ফিসারীজ* -এর গুদামে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনার প্রতিবাদ করায় পরবর্তীতে তার শিক্ষাপ্রতিষ্ঠান ‘উস্তার আলী একাডেমি’তে হামলা চালানো হয়।
প্রতিষ্ঠানটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৪ সালে ১২ বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক অনুষ্ঠানে কুলাউড়া ও বৃহত্তর সিলেট অঞ্চলের বহু গুণীজন উপস্থিত ছিলেন। মোবারক আলীর দাবি, প্রতিষ্ঠানের সাফল্য ও জনপ্রিয়তা দেখে কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ১২ বছর পূর্তি উদযাপন বানচালসহ নানা অপপ্রয়াস চালিয়ে আসছে।
তিনি বলেন, “আমি এলাকার হতদরিদ্র ও ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় যুক্ত রাখতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি অসহায় মানুষদের সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু কিছু লোক আমার এই সামাজিক ও মানবিক কার্যক্রম সহ্য করতে না পেরে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে।”
৪ অক্টোবর ২০২৫ তারিখে রাতে বিদ্যালয়ে হামলার ঘটনাটি ঘটে বলে জানান তিনি। এ ঘটনায় ২নং ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী মধুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হয়েছে।
চেয়ারম্যান মোবারক আলী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত সহযোগিতা কামনা করেছেন।