সিলেটের স্বনামধন্য সুবিদবাজারস্থ দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাত কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর ২০২৬ ইং) সিলেটের পশ্চিম সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক, কলামিস্ট ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী সেক্রেটারি হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব জসিম উদ্দিন, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হুসাইন আহমেদ, দারুল ফালাহ মডেল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাদ্রাসার এমডি জনাব আবদুল্লাহ আল মাহমুদ, মাদ্রাসার ইনচার্জ নূরুল হুদা আফজাল, আব্দুল হালিম, মাসুম বিল্লাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও কনফারেন্সে মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বক্তারা বলেন, রাসূলে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ শুধু ব্যক্তিগত জীবনে নয়; বরং পারিবারিক, সামাজিক, শিক্ষাজীবন, জাতীয় ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়। মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে রাসূলে আকরাম (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনে সীরাতের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে রাসূল (সা.)-এর আদর্শবান ও প্রিয় উম্মতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে দারুল ফালাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত সপ্তাহব্যাপী সিরাত ক্যাম্পেইন-এর বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত কুইজ ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন রাসূল(সঃ) এর সিরাত সম্পর্কিত ইংরেজি এবং আরবিতে চমৎকার বক্তব্য করে এবং একক ও যৌথ সঙ্গিত পরিবেশন করে অত্যন্ত সুললিত কণ্ঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাসূলে আকরাম (সা.)-এর আদর্শ বাস্তবায়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নতি এবং তাদেরকে রাসূল (সা.)-এর আদর্শবান প্রিয় উম্মতে পরিণত করার তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সিরাত কনফারেন্স ২০২৬-এর সমাপ্তি ঘটে।