ফিলিপাইনের ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সুস্থ ও সবল যুবসমাজের বিকল্প নেই। পৃথিবীতে সংঘটিত বিভিন্ন বিপ্লবে যুবসমাজের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে মুক্ত রাখতে হবে। তিনি বলেন, আমরা যে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি, আজকের তরুণরাই এর স্বপ্নদ্রষ্টা। তাই তাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি আদর্শবান মানুষ হতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি রোববার সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ খেলোয়াড়ররা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারী আবু তাহের মোহাম্মদ ফাহিমের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও মহানগরীর সাবেক সভাপতি শাহীন আহমদ।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম সাজু বলেন, ইসলামী ছাত্রশিবির যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিভিন্ন ধরনের আয়োজন করে আসছে। তিনি আরও বলেন, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সরকার জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে। এর পরিণতি ভালো হবেনা। সময় থাকতে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার দায়ে ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি