সিলেটের এমসি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানার্জনে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনের আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীনসহ কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানার্জনে সীমাবদ্ধ না থেকে দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জাহিদুল ইসলাম বলেন, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে এখন আপনারা এসেছেন। দেশকে নেতৃত্ব দেওয়ার, সমাজকে নেতৃত্ব দেওয়ার সময় এখন এসেছে। এজন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সুন্দর, সুশৃঙ্খল সমাজব্যবস্থা কায়েম করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং সুশৃঙ্খল ক্যারিয়ার গঠনে ছাত্রশিবির আগেও যেরকম পাশে ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, চাইলেই একজন শিক্ষার্থী ভালো হতে পারেন আবার খারাপও হতে পারেন। ভালো কিংবা খারাপ হওয়া প্রত্যেকের নিজের হাতেই। তাই বাবা-মার স্বপ্ন বিফলে না দিয়ে নিজেকে ভালো পথে রাখো, পড়ালেখা করো, যোগ্য হয়ে গড়ে তুলো। ভালো সার্টিফিকেট থাকলেই হবে না স্কিল তৈরি করতে হবে। সবধরনের স্কিল অর্জন করে নিজেকে অন্যের তুলনায় এগিয়ে রাখতে হবে।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও সিলেট মহানগর শিক্ষা সম্পাদক সাইফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ। পরে ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র ‘হেরার আলো জ্বালবোই’ বরণসঙ্গীতের সঙ্গে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজী তাসকিয়া ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুহিতুর রহমান।
আলোচনা ও বরণ পর্ব শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুস্তায়িনুর রহমান মওদূদ। পরে এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু তাহের মিসবাহের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সাড়ে ১টায় অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উপহার ও খাবার বিতরণ করা হয়।
এদিকে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে তিনজনকে সার্টিফিকেট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অডিটোরিয়ামের বাইরে বিনামূল্যে রক্তের গ্রুপ জানার জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, শাহজাহান আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, আব্দুল্লাহ আল ফারুক, আবু তাহের ফাহিম, এনামুল ইসলাম এনাম ও ইসমাইল খান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।