জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে বিমাতা সুলভ আচরণের শিকার। আমাদের এই অঞ্চলের গ্যাস দিয়ে দেশের কলকারখানা চলে, অথচ স্থানীয় মানুষ গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, সংসদের প্রথম অধিবেশনেই আমি জানতে চাইবো—কেনো এই অঞ্চলের মানুষকে এতদিন তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি নিরাপদ ও আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার করে সেলিম উদ্দিন বলেন, আমি এমন এক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে চাই যেখানে মানুষ ঘর খোলা রেখে শান্তিতে ঘুমাতে পারবে এবং দোকান খোলা রেখেই নামাজে যেতে পারবে। এই জনপদের দিনবদলের সময় এসেছে। আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য, আমাদের বিজয়ের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত হওয়াও তেমন সত্য। আমি শাসক নয়, বরং আপনাদের সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে যোগ দেন। মুহূর্তেই সভাস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা নায়েবে আমীর ও মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, পৌর জামায়াতের আমীর কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম ও আবু বক্কর নাসিম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক সুপ্রিয় বড়ুয়া এবং সিলেট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আদিলুর রহমানসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সার্বিক উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ সেলিম উদ্দিনের মতো যোগ্য ও শিক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই। ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।