জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। তারা সরকার গঠনের মাত্র সাত মাসেই দলীয়করণের সব সীমা অতিক্রম করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কিছুই দলীয়করণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এর ফলে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরে বিপর্যয় নেমে এসেছে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মাদরাসা বাজারে জামায়াতের কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ অভিযানের অংশ হিসেবে আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘জামায়াত শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা বলে না, মানুষের চিন্তা, চরিত্র ও সমাজ পরিবর্তনের জন্যও কাজ করে। আল্লাহর বিধান ও ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, আমানতদারি ও জবাবদিহির চর্চা বাড়াতে হবে।’
সিলেট মহানগর আমির বলেন, ‘সরকার ক্ষমতায় গিয়ে সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট ওয়াসা, জেলা পরিষদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ, শিক্ষাবোর্ড এবং সর্বশেষ সিলেট চেম্বারেও প্রশাসক হিসেবে দলীয় লোক বসিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দলীয় লোকদের পকেট ভারী করা ও লুটপাটের সুযোগ তৈরি করতেই সরকার দলীয়করণের উৎসবে মেতে উঠেছে।’
তিনি বলেন, ‘সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াত কাজ করে যাচ্ছে। নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে দলে দলে লোকজন জামায়াতে যোগদান করছে। এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
প্রবীণ জামায়াত নেতা মৌলভী রুহুল আমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি দিলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আমির নাজির উদ্দিন ও মোগলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির নুরুল আমীন।