নিজস্ব প্রতিবেদক, সিলেট:
১৮ এপ্রিল ২০২৬ সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে এক নারী ও তার শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় শাহপরাণ (রঃ) থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি.) দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। জিডি সূত্রে জানা যায়, শাহজালাল উপশহরের ১৮৮, ময়ীদ ভবন, রোড নং-৫, ব্লক-ই এলাকার বাসিন্দা মোঃ আকরাম হোসেন (৬০) জানান, তাঁর মেয়ে আরিফা বিল্লাহ এবং নাতনি আয়জাল আয়াত সিরাজী গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মোঃ আকরাম হোসেন বলেন, “আমার মেয়ে ও নাতনির কোনো খোঁজ না পেয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তারা কোথায় আছে, কী অবস্থায় আছে, আদৌ নিরাপদে আছে কি না-কোনো কিছুই জানতে পারছি না।”
তিনি আরও জানান, বিষয়টি শাহপরাণ (রঃ) থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাঁদের দ্রুত সন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে শাহপরাণ (রঃ) থানার দায়িত্বশীল সূত্র জানায়, সাধারণ ডায়েরি গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পরিবারের পক্ষ থেকে কেউ আরিফা বিল্লাহ ও আয়জাল আয়াত সিরাজীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা মোঃ আকরাম হোসেনের সঙ্গে মোবাইল: 01827973049 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।