হুথি গোষ্ঠীর হামলার পর নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সৌদিগামী ও সংশ্লিষ্ট রুটের স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০ দাঁড়িয়েছে। এসব ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেবিচক সূত্র জানায়, স্থগিত হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি ফ্লাইট এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট। বিমানবন্দরের কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। ফ্লাইট স্থগিতের কারণে সৌদি আরবগামী বাংলাদেশি কর্মী, ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসী এবং সৌদি আরব থেকে দেশে আসার অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
একই সঙ্গে রিয়াদ হয়ে অন্য দেশে যাতায়াতকারী যাত্রীদেরও ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হওয়ায় যাত্রীদের কর্মস্থলে যোগদান, ছুটি শেষে ফিরে যাওয়া এবং পরবর্তী সংযোগ ফ্লাইট ধরার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়া এবং ফ্লাইট চলাচল পুনরায় শুরু না হওয়া পর্যন্ত যাত্রীদের এই ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।