এখনো পুড়ছে সিলেট। প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। অন্তত গত ৩/৪ ধরে একই অবস্থা। কবে এর অবসান জানেনা কেউ। এমন কি আবহাওয়া অফিসের কর্তারাও না। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ পূর্বাভাস দেয় তারা। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরমক পূর্বাভাস টানা কয়েকদিন ধরে দেওয়া হলেও এবার শ্রাবণে সিলেটে তেমন বৃষ্টি নেই।
এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও সিলেটে ছিল অসহনীয় ভ্যাপসা গরম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য এর আগের দিন সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে।
এমন গরমে সিলেটবাসীর যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে লোডশেডিং। নিয়মিত বিরতিতে বিদ্যুতের আসা-যাওয়া চলছিল। আর যন্ত্রণার আগুনে পুড়েছেন সিলেট অঞ্চলের বয়স্ক, শিশু এবং অসুস্থরা।
এ অবস্থার অবসান হতে পারে বৃষ্টি ঝরলে। কিন্তু তা আর হচ্ছেইনা। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫ মিলিমিটার। আর তাই রাতদিন ঘুমহীন এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠী।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।