জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই এ দেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা ও নতুন যাত্রা সূচিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুকালে তিনি এই মন্তব্য করেন। বিকাল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
স্পিকার বলেন, স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সংসদের কার্যকর ভূমিকা তুলে ধরে স্পিকার আরও বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষা করা বর্তমান সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি; আর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে সামনে নিয়ে এসেছে।
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান স্পিকার।