সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি নাছির চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন আপসহীনতার প্রতীক এবং শোষিত মানুষের আলোকবর্তিকা। তাঁর মৃত্যুতে যে গভীর শোকের সৃষ্টি হয়েছে, তাকে শক্তিতে রূপান্তর করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমেই আমাদের প্রিয় নেত্রীকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে আয়োজিত এক দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী তাঁর রাজনৈতিক জীবনের শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে বলেন, এটিই আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা আমাকে এর আগে দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। দিরাই-শাল্লাবাসীর উন্নয়নের জন্য আমার অনেকগুলো স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। এবার যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে সেই স্বপ্নগুলো বাস্তবায়নে আমি আমৃত্যু কাজ করে যাব ইনশাআল্লাহ।
রফিনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহেদ মিয়ার সভাপতিত্বে এবং সেজান আহমদ মজনু ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, ১ম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী, এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, রফিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিয়া, বিএনপি নেতা বকুল মিয়া, গোলাম কিবরিয়া ও জমিয়ত নেতা মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল মুত্তাকিন।