জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই মৃত্যুকে ‘শহিদি মৃত্যু’ হিসেবে উল্লেখ করে একে জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য সাহস ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হাসিমুখেই শহিদি মৃত্যুকে বরণ করেছেন। তিনি ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন নিয়ে হাদি জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার থেকে তারা সরে আসবেন না।
নাহিদ বলেন’’
আমার ভাই, জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি ওসমান হাদি হাসতে হাসতে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করলেন ৷
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন ৷
ভাই হাদি,
আপনার পবিত্র রক্তের কসম, যে মহান ইনসাফের স্বপ্ন নিয়ে আপনি জীবন দিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।
আপনার এই মৃত্যু জুলাই পরবর্তী বাংলাদেশের লাখো মানুষের কাছে অনন্ত সাহসের মহাকাব্য ও ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা হয়ে থাকবে ৷
শহীদ ওসমান হাদি জিন্দাবাদ!
ইনকিলাব জিন্দাবাদ!
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ওসমান হাদির মৃত্যু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে দেশের লাখো মানুষের জন্য প্রেরণা ও সাহসের এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে। তার মতে, এই আত্মত্যাগ ভবিষ্যতের সংগ্রামে আন্দোলনকর্মীদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
ওসমান হাদির মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল তাকে জুলাই বিপ্লবের শহিদ হিসেবে স্মরণ করে তার আত্মত্যাগকে চিরঅম্লান রাখার আহ্বান জানাচ্ছেন।