মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শওকতুল ইসলাম শকুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। গত ১৬ জানুয়ারি (শুক্রবার) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার অফিস সেক্রেটারি আতিকুর রহমান কমিটির কাছে শওকতুল ইসলাম শকুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ১২ জানুয়ারি থেকে শওকতুল ইসলাম শকু ও তার সমর্থকরা কুলাউড়ার বিভিন্ন এলাকায় লিফলেট ও ফ্যামিলি কার্ডের নমুনা বিতরণ করে আগাম প্রচারণা চালাচ্ছেন। এছাড়া গত ১৪ জানুয়ারি তিনি সশরীরে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া স্কুল ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পূর্বেই এ ধরনের প্রচারণা চালানো ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৫’ এর ৩ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. ইয়াসিন ফারুক স্বাক্ষরিত ওই নোটিশে অভিযুক্ত প্রার্থীকে ১৯ জানুয়ারি (সোমবার) বিকেল ৩টার মধ্যে কুলাউড়া সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোর অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হবে না, তা উক্ত সময়ের মধ্যে স্পষ্ট করতে বলা হয়েছে।
একই সাথে অভিযোগের বিষয়টি সরজমিনে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) নির্দেশ প্রদান করেছে কমিটি। এই ঘটনার পর কুলাউড়া নির্বাচনী এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।