ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। সাধারণত তাকে ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে দেখা যায় না। সবশেষ ‘খুশবু’তে দেখা যায়। ধারাবাহিকটির শুরুর দিকের কয়েকটি পর্বে স্বল্প সময়ের জন্য দেখা যায় তাকে।
এবার এ অভিনেত্রী জোড়া সুখবর দিলেন। দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের দুটি সিরিজে অভিনয় করেছেন। যা শিগগিরই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হবে।

মহিন খানের নির্মাণে ‘কর্মফল’-এ মাহির সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার. মনিরা মিঠু প্রমুখ। আর মোহাম্মদ ওমর ফারুকের নির্মাণে ‘মায়ার সংসার’ সিরিজে মাহির সঙ্গে আরও কে কে থাকছেন, তা এখনো জানানো হয়নি। বলা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ ব্যাপারে জানানো হবে।
এদিকে একসঙ্গে দুটি সিরিজে অভিনয়ের ব্যাপারে সামিরা খান মাহি বলেন, সিরিজ দুটি মূলত পারিবারিক গল্পের। এর মধ্যে একটি হচ্ছে নারীপ্রধান গল্প, আর অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও বিভিন্ন বাস্তবতা উঠে এসেছে গল্প দুটিতে। দুটি সিরিজেই অনেক গুণী শিল্পী অভিনয় করেছেন। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।

সাম্প্রতিক অভিনয়ের কাজ বেশ কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। এ ব্যাপারে জানান―সচেতনতার কারণে এখন কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন। পরিবার ও নিজেকে সময় দেয়ার জন্য আপাতত কাজের সংখ্যা কমিয়েছেন বলে জানান এ অভিনেত্রী।