বৃষ্টির দিনে জানালার কাঁচে টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ, দূরে গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা—সব মিলিয়ে মনটা অদ্ভুত এক নরম অনুভূতিতে ভরে ওঠে। আর ঠিক তখনই অনেকের মনে পড়ে এক প্লেট ধোঁয়া ওঠা খিচুড়ির ছবি। আশ্চর্যের বিষয়, এমন দিনে বিরিয়ানির মতো জনপ্রিয় খাবারও যেন খিচুড়ির কাছে হার মেনে যায়। এটি শুধু খাবারের পছন্দ নয়, বরং স্মৃতি, আবেগ আর সংস্কৃতির এক গভীর সম্পর্ক। একই সঙ্গে রয়েছে খাবারের ধরন, পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া স্বাদ এবং মানসিক স্বস্তির বিষয়ও। খিচুড়ির সঙ্গে জড়িয়ে আছে শৈশব অনেকের কাছেই বৃষ্টির দিনের প্রথম স্মৃতি হলো মায়ের রান্নাঘর। কড়াইয়ে ভাজা মুগ ডালের ঘ্রাণ, চালের সঙ্গে ফুটতে থাকা...
63
বৃষ্টির দিনে জানালার কাঁচে টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ, দূরে গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা—সব মিলিয়ে মনটা অদ্ভুত এক নরম অনুভূতিতে ভরে ওঠে। আর ঠিক তখনই অনেকের মনে পড়ে এক প্লেট ধোঁয়া ওঠা খিচুড়ির ছবি। আশ্চর্যের বিষয়, এমন দিনে বিরিয়ানির মতো জনপ্রিয় খাবারও যেন খিচুড়ির কাছে হার মেনে যায়। এটি শুধু খাবারের পছন্দ নয়, বরং স্মৃতি, আবেগ আর সংস্কৃতির এক গভীর সম্পর্ক। একই সঙ্গে রয়েছে খাবারের ধরন, পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া স্বাদ এবং মানসিক স্বস্তির বিষয়ও।
খিচুড়ির সঙ্গে জড়িয়ে আছে শৈশব
অনেকের কাছেই বৃষ্টির দিনের প্রথম স্মৃতি হলো মায়ের রান্নাঘর। কড়াইয়ে ভাজা মুগ ডালের ঘ্রাণ, চালের সঙ্গে ফুটতে থাকা খিচুড়ি, পাশে ডিম ভাজা কিংবা ইলিশ মাছের পাশাপাশি গরুর মাংস—এই দৃশ্য অনেক পরিবারেরই পরিচিত। খাবারের স্বাদ শুধু জিভে নয়, মনে গেঁথে থাকে। তাই বড় হওয়ার পরও বৃষ্টি নামলেই মানুষ অজান্তেই সেই পরিচিত স্বাদের কাছেই ফিরে যেতে চায়।
অন্যদিকে বিরিয়ানির স্মৃতি অনেক সময় জড়িয়ে থাকে দাওয়াত, বিয়ে,উৎসব বা বাইরে কোথাও খেতে যাওয়ার সঙ্গে। বিরিয়ানি আনন্দের খাবার, আয়োজনের খাবার; কিন্তু খিচুড়ি যেন অনেক বেশি ঘরোয়া, আপন আর স্মৃতিময়। বৃষ্টির দিনে মানুষ যখন বাইরে নয়, বরং ঘরের ভেতরের উষ্ণতায় ডুবে থাকতে চায়, তখন খিচুড়িই যেন বেশি স্বাভাবিকভাবে মনে আসে।
আবহাওয়ার সঙ্গেও আছে সম্পর্ক
বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, পরিবেশ হয় কিছুটা ঠাণ্ডা। এমন সময়ে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি শরীরকে আরাম দেয়। ডাল, চাল, সবজি ও মসলার মিশ্রণে তৈরি এই খাবার সহজপাচ্যও বটে। তাই অনেকেই বর্ষার দিনে ভারী বা তেল-মসলাযুক্ত খাবারের বদলে খিচুড়িকেই বেশি স্বস্তিদায়ক মনে করেন।
সেই জায়গায় বিরিয়ানি নিঃসন্দেহে সুস্বাদু, কিন্তু এটি তুলনামূলকভাবে একটু ভারী খাবার। মাংস, তেল, ঘি, গরম মসলা—সব মিলিয়ে বিরিয়ানির স্বাদ যেমন গভীর, তেমনি এটি বেশ সমৃদ্ধও। ফলে বর্ষার অলস, নরম আবহে অনেকের কাছে খিচুড়ির হালকা উষ্ণতা বেশি আরামদায়ক মনে হয়, যেখানে বিরিয়ানি অনেকটা বিশেষ আয়োজনের স্বাদ বহন করে।
বিরিয়ানি সুস্বাদু, তবু কেন খিচুড়ি
বিরিয়ানি নিঃসন্দেহে উৎসবের খাবার। জন্মদিন, দাওয়াত বা বিশেষ আয়োজন—এসবের সঙ্গে বিরিয়ানির সম্পর্ক গভীর। কিন্তু বৃষ্টির দিনের অনুভূতি একটু অন্যরকম। সে দিন মানুষ অনেক সময় উৎসব নয়, খোঁজে ঘরের উষ্ণতা। আর সেই উষ্ণতার প্রতীক হয়ে ওঠে এক প্লেট খিচুড়ি।
খিচুড়ির সবচেয়ে বড় শক্তি হলো এর সহজাত আন্তরিকতা। এটি যেন রান্নাঘরের ধোঁয়া, পরিবারের আড্ডা আর বৃষ্টিভেজা দুপুরের সঙ্গে মিশে থাকা এক স্বাদ। অন্যদিকে বিরিয়ানি অনেক বেশি জমকালো, অনেক বেশি উৎসবকেন্দ্রিক। ফলে দুই খাবারই প্রিয় হলেও, অনুভূতির জায়গা থেকে বৃষ্টির দিনে খিচুড়ি একটু আলাদা হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ছবি
বর্ষা এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় একই দৃশ্য—ধোঁয়া ওঠা খিচুড়ির ছবি, সঙ্গে বৃষ্টি দেখার মুহূর্ত। অনেকেই মজা করে লেখেন, ‘বৃষ্টি আর খিচুড়ি—এ এক অলিখিত নিয়ম।’
যদিও এটি নিছক রসিকতা, তবু এর পেছনে রয়েছে দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতি ও পারিবারিক অভ্যাস।
মজার বিষয় হলো, বিরিয়ানি নিয়ে ভালোবাসা বা উচ্ছ্বাস সারা বছরই থাকে, কিন্তু বৃষ্টির দিনে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় খিচুড়িই যেন প্রধান হয়ে ওঠে। কারণ এই খাবারটি কেবল স্বাদের নয়, বরং মৌসুমের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিরও অংশ।
বৃষ্টির দিনে বিরিয়ানি নাকি খিচুড়ি এমন প্রশ্নের জবাবেগণমাধ্যমকর্মী রিফাত আরা রিতু বলেন, ‘সপ্তাহজুড়ে অফিসের ব্যস্ততা থাকে। কিন্তু ছুটির দিনে বৃষ্টি নামলে মায়ের হাতের খিচুড়ির কথাই খুব মনে পড়ে। এখন নিজেই রান্না করি, তবু সেই স্বাদ যেন শৈশবকেই ফিরিয়ে আনে।’
সফটওয়্যার প্রকৌশলী রাফি আহমেদ বলেন, ‘বিরিয়ানি আমার খুব প্রিয়। কিন্তু বৃষ্টির দিনে বউ যদি জিজ্ঞেস করে কী খাব, আমি বিন্দুমাত্র না ভেবে বলি—খিচুড়ি। কারণ এই খাবারের সঙ্গে একটা শান্তির অনুভূতি জড়িয়ে আছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাত মানাল বলেন, ‘হল জীবনে বৃষ্টি হলেই আমরা বন্ধুরা মিলে ভুনা খিচুড়ি রান্না করি। এটা হয়তো খুব সাধারণ রান্না, কিন্তু এই আড্ডা আর একসঙ্গে খাওয়ার আনন্দটাই সবচেয়ে বড়।’
অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল করিম বলেন, ‘আমাদের ছোটবেলায় বিদ্যুৎ চলে যেত, বাইরে ঝুম বৃষ্টি হতো। কুপির আলোয় পরিবারের সবাই মিলে খিচুড়ি খেতাম। এখনও বৃষ্টি নামলে সেই দিনগুলোর কথা মনে পড়ে।’
বৃষ্টি আর খিচুড়ির সম্পর্কের কোনো বৈজ্ঞানিক সূত্র নেই, আছে হৃদয়ের সূত্র। হয়তো এ কারণেই বৃষ্টির ফোঁটা পড়তেই অনেকের মনে বিরিয়ানি নয়, ধোঁয়া ওঠা এক প্লেট খিচুড়ির ছবিই ভেসে ওঠে। কারণ কিছু খাবার শুধু ক্ষুধা মেটায় না, স্মৃতি, ভালোবাসা আর পরিবারের উষ্ণতাকেও নতুন করে জাগিয়ে তোলে।
বিরিয়ানি-খিচুড়ি এই দুই খাবারের মধ্যে কে বেশি জনপ্রিয় সেই প্রশ্নের উত্তর একরকম নাও হতে পারে। কিন্তু বৃষ্টির দিনে হৃদয়ের খুব কাছের খাবারের তালিকায় খিচুড়িই যেন এগিয়ে থাকে। আর সেই তালিকায় বাঙালির খিচুড়ি নিঃসন্দেহে প্রথম সারিতেই থাকবে।