হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপিকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় নেতৃবৃন্দ মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে চিকিৎসার বিষয়ে কথা বলেন। পরে নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট নগরীর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।