মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির টহল দলের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষায় এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরাও।
রোববার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট পাওয়া যায়। উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক জব্দমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল টহল সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। এসময় নিরাপত্তা ও আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। পরে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সিগারেটগুলো উদ্ধার করেন।
উদ্ধার করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিজিবির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।