টলিউড সুপারস্টার জিৎ তার নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। ঠিক সেই সময়েই এল জনপ্রিয় এই অভিনেতার ভক্তদের জন্য দুঃসংবাদ। বহুল আলোচিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’–এর শুটিং চলাকালীন হাতে চোট পেয়েছেন জিৎ।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কয়েক দিন আগেই শুটিং সেটে দুর্ঘটনাটি ঘটে। জিতের হাতে আঘাত লাগে, যার ফলে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা নিজেও, পাশাপাশি ছবির পরিচালক পথিকৃৎ বসু।
এই সপ্তাহজুড়েই সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু জিতের চোটের কারণে তারিখ পরিবর্তন করা হতে পারে। কবে থেকে আবার শুটিং শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক। তবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, অভিনেতার হাতে লাগা চোট গুরুতর নয় এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
জিতের হাতে আঘাত লাগে, যার ফলে আপাতত ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত
প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমাতে ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ–এর ভূমিকায় অভিনয় করছেন জিৎ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ ছিলেন একাধারে বিপ্লবী, আবার বিতর্কিতভাবে ‘ডাকাত’ নামেও পরিচিত। তাঁর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই অ্যাকশনসমৃদ্ধ সিনেমা। এই সিনেমায় আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। জানা গেছে, একটি বিশেষ গানে তাঁর নাচও থাকবে, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
আগামী বছরেই ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ মুক্তির কথা থাকলেও এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ওই বছর থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার মেনে সিনেমা মুক্তি দেয়া হবে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের কারণে বছরের শুরুতে সিনেমার মুক্তির সংখ্যা তুলনামূলক কম থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।