শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি নিজ যোগ্যতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কয়েস লোদী বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ তোমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টিকে শুধু ভালো ফলাফলের জন্য নয়, নিজেদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে আলাদা সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে। একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে।
কয়েস লোদী আরও বলেন, আমাদের মেয়েরা আজ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, চিকিৎসা, আইন, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আগামী দিনে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মালেকা খানম। প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক মহীতোষ তালুকদার, সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী অধ্যাপক মো. রেজাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ সম্পন্ন হয়।